Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label জয়দেব বসু. Show all posts
Showing posts with label জয়দেব বসু. Show all posts

ঘরে তোর ভোটার আছে কয়জনা ~ জয়দেব বসু

গান

ঘরে তোর ভোটার আছে কয়জনা
মন জানো না ......

দিব্যি আছো, খাচ্ছো-দাচ্ছো
সকাল-বিকেল জল মাপাচ্ছো।
বাঁও মিলছে, মনে ভাবছো,
আসলে বাঁও মিলছে না।

ঘরে তোর ভোটার আছে কয়জনা ....

ভাবছো এমন কাটবে বঁধু
ঝোলে লাউ, অম্বলে কদু,
বাড়িওয়ালার বিপত্তারণ
ভাড়াটের লর্ড শ্রীকৃষ্ণা।
মন জানো না,
ঘরে তোর ভোটার আছে কয়জনা ?

বলছো বটে "একটু-একটু"
আসলে খুব একটু না,
জায়গাটা তো এই বাংলা,
নরওয়ে-টিমবাকটু না;
ঠগ বাছতে গাঁ যে উজাড়
কাঁকর বেছে চাল,
সদসতের সব পাঁচালী
হয়েছে জঞ্জাল ।
মন জানোনা ,
ঘরে তোর ভোটার আছে কয়জনা ....

কাল মিছিলে হাঁটলো যারা
ভাবছো আজকে দেবে তারা?
সাঁই হাসিছেনঃ এই তো লীলা,
হাঁটছি, কিন্তু দিচ্ছি না ।

মন জানো না,
ঘরে তোর ভোটার আছে কয়জনা ....

19/ 06 / 2000

পুলিশ ~ জয়দেব বসু

(ঋণস্বীকার: ট্রেসি চ্যাপম্যান)

যখন তোমাকে রাস্তার কোনো মস্তান
পথ আটকিয়ে শোনায় আজিব দস্তান,
আপত্তি দেখে মুখ ঠেসে ধরে কাদায়,
ধরতেই পারে, সেই তো পাড়ার দাদা ....
তখন তোমার অবস্থা দেখে কারা
হে-হে করে হাসে, কারা বিশ্বাস হারায়?

পুলিশ....

যখন তোমার দাউ-দাউ করে ঘর
তুলে নিয়ে যায় বোন-কে সওদাগর,
সে সময়ে কারা অসন্তুষ্ট শ্বাসে
অতি অনিচ্ছা, একেবারে শেষে আসে?
কারা আসতেই উলটে এবং পালটে
চার্জশিট হয় আততায়ীকেই সাল্টে?

পুলিশ....

যখন তোমার মেয়ে রাজনীতি করে,
সেই জন্যই যারা ঢুকে পড়ে ঘরে
মাঝরাতে, বিনা অনুমতিতেই, জেনো,
পাল্টাবে না কখনোই, কোনোদিনও....
তাদের নামটা জানা আছে ওগো প্রিয়,
পৃথিবীতে তারা চিরকাল স্মরণীয়.....
 

উঁহ, পুলিশ...

লেখা আমার মা.... ~ জয়দেব বসু

লেখা আমার মা,
আমায় ছেড়ে যেন তুমি কোথাও যেও না ....

এই যে এত আলস্য আর নিজেকে এত ঘৃণা
ঘোষিত নির্বিবেক থেকে অমানদক্ষিণা,
এ-সব থেকে নিষ্ক্রমণের তেমন কোনো ভূমি
থাকলে পরে সেই মাটিতে পৌঁছে দিও তুমি।
লেখা আমার মা,
আঁচল দিয়ে আগলে রেখো, কোথাও যেও না।

বাতাস যদি নিজেকে দেয় বীজন
গন্ধ যদি নিজের ঘ্রাণে আকুল,
পানীয় যদি নিজেকে পান করে
জীবন তবে নিজের সমতুল।
লেখা কি তবে নিজেকে লিখে যায়,
মা কি আমি ....আমিই তবে মা?
আমায় ছেড়ে যেন আমি কোথাও যাই না ।

আমার ভগবদ্গীতা ~ জয়দেব বসু

নিরীহ লোকের গায়ে কালশিটে, চাঁদার জুলুম,
শনি-মন্দিরের পাশে চোলাই আর সাট্টার ধূম।


আরাধ্য দেবতা আজ স্থপতি-দানব সেই 'ময়',
ভন্ডামিতে সংক্রামিত ইদানীং নিজেরই সময়।


তোমাকে তাড়িয়ে দেবে? দিতে পারে। তুমি সেই লোক,
চোখ বুজে থাকে না যে, স্বজন-বন্ধুর কাছে বিপজ্জনক।


যে-যাই বলুক, তবু দায় থাকে, জেনো পরন্তপ,
যে যুদ্ধ স্থগিত আজ, তুমি তার দধীচি ও শব।


লেনিন নিষিদ্ধ রক্তে? ক্লীবতারই কাছে আজ ঋণ?
অস্বীকার করো পার্থ, কথা দাও, তুমিই লেনিন।

মাও-কে যা বুঝেছি ~ জয়দেব বসু

ভুলের সাথে ভুল ঠুকলেও ফুলকি জ্বলে,
ফুলকি থেকে
আগুন জ্বলুক,
এ-ঘর ও-ঘর, সবার ঘরে-ঘরে।

মেদ গলে যাক, মজ্জা গলুক,
জাড্য ভেঙে
চঞ্চলতা,
পানাপুকুর উথলে যাক ঝড়ে।

মেঘের সাথে মেঘ ঘষলেও
কামান ডাকে,
কামান দাগো
প্রতি পাড়ার সদর-দপ্তরে।

 

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks